কমিউনিটি ০৬ নভেম্বর ২০২৬

‘বেটার নেইবারহুডস’ কর্মসূচিতে ৪৬টি কাউন্সিল বাড়ি-ঘরের উন্নয়ন, ২.৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নতুন রূপ পেল ৯৯ ওল্ড ফোর্ড রোড

post

টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলের ‘বেটার নেইবারহুডস’ কর্মসূচির আওতায় ৯৯ ওল্ড ফোর্ড রোডের একটি ঐতিহ্যবাহী আবাসিক ভবনের ব্যাপক সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে বাড়িটির নিরাপত্তা, সৌন্দর্য, জ্বালানি দক্ষতা এবং বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কাউন্সিলের দীর্ঘমেয়াদি আবাসন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত এই প্রকল্পটি এলাকার বিদ্যমান কাউন্সিল বাড়িগুলোর মান উন্নয়নে নেওয়া বৃহত্তর উদ্যোগের অংশ।

৯৯ ওল্ড ফোর্ড রোডে সম্পন্ন হওয়া কাজের মধ্যে রয়েছে নতুন ছাদ নির্মাণ, লফট ইনসুলেশন স্থাপন, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা প্রতিস্থাপন, নতুন জানালা ও দরজা সংযোজন, ফেন্স বা সীমানার বেড়া পরিবর্তন, ইটের গাঁথুনি ও কংক্রিট মেরামত এবং ভবনের বাইরের অংশের সংস্কার ও সৌন্দর্যবর্ধন। নতুন ইনসুলেশন ব্যবস্থা শীতকালে ঘর উষ্ণ রাখতে সহায়তা করবে এবং জ্বালানি ব্যয় কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন জানালা ও দরজা নিরাপত্তা ও আরাম বাড়ানোর পাশাপাশি তাপ সংরক্ষণেও কার্যকর হবে।

কর্মসূচির আওতায় মোট ৪৬টি প্রপার্টি বা আবাসনের উন্নয়ন কাজ পরিচালিত হয়েছে। এর মধ্যে ২৮টি ভবন লিস্টেড বা তালিকাভুক্ত ঐতিহ্যবাহী ভবন অথবা সংরক্ষিত এলাকায় অবস্থিত। এই উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।

গত ৩ নভেম্বর মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন ক্যাবিনেট মেম্বার ফর হোমবিল্ডিং এন্ড এনহ্যান্সিং কাউন্সিল হোমস্ এন্ড নেইবারহুডস, কাউন্সিলর সাঈদ আহমেদ।

পরিদর্শনকালে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আজ আমরা ৯৯ ওল্ড ফোর্ড রোডে এসেছি আমাদের ‘বেটার নেইবারহুডস’ কর্মসূচির আওতায় সম্পন্ন হওয়া বড় ধরনের উন্নয়ন কাজের ফলাফল দেখতে।এই উন্নয়ন কাজের মধ্যে রয়েছে নতুন ছাদ স্থাপন, ইনসুলেশন, নতুন জানালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেরামত, যা আগামী বহু বছর ধরে এই বাড়িটিকে নিরাপদ, উষ্ণ ও সুষ্ঠুভাবে সংরক্ষিত রাখতে সহায়তা করবে।

এটি টাওয়ার হ্যামলেটস জুড়ে বিদ্যমান কাউন্সিল আবাসনগুলোতে আমাদের চলমান বিনিয়োগের অংশ। আমরা জ্বালানি দক্ষতা বৃদ্ধি, আবাসন সম্পদের সুরক্ষা এবং বাসিন্দাদের জন্য এমন বাড়ি নিশ্চিত করতে কাজ করছি, যেগুলো নিয়ে তারা গর্ববোধ করতে পারেন।

‘বেটার নেইবারহুডস’ কর্মসূচির মাধ্যমে আমরা পুরো বারাজুড়ে বাড়ি ও আশপাশের এলাকার মানোন্নয়নে বাস্তব পরিবর্তন আনছি। এর ফলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বাসিন্দাদের জন্য আরও নিরাপদ, আরামদায়ক এবং টেকসই বসবাসের পরিবেশ তৈরি হচ্ছে।”

ক্যাবিনেট মেম্বার ফর হোমবিল্ডিং অ্যান্ড এনহ্যান্সিং কাউন্সিল হোমস অ্যান্ড নেইবারহুডস, কাউন্সিলর সাঈদ আহমেদ বলেন, “৯৯ ওল্ড ফোর্ড রোডে সম্পন্ন হওয়া এই প্রকল্পটি এটাই দেখায় যে আমরা শুধু কাউন্সিলের আবাসন সম্পদ সংরক্ষণ করছি না, বরং বাসিন্দাদের জন্য আরও উন্নত, নিরাপদ ও জ্বালানি-দক্ষ বাসস্থান নিশ্চিত করছি। বিশেষ করে ঐতিহ্যবাহী ও সংরক্ষিত ভবনগুলোর ক্ষেত্রে আধুনিক মানের উন্নয়ন কাজ সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ অর্জন। ‘বেটার নেইবারহুডস’ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আবাসিক এলাকাগুলোকে আরও আকর্ষণীয়, টেকসই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে বিনিয়োগ অব্যাহত রাখছি।”


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner