টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব অপরাধের শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। সম্প্রতি ছিনতাইকারীদের কবলে পড়ে লাঞ্ছিত হয়েছেন আই ওয়ান টিভি পরিবারের সদস্য রুমা চৌধুরী। এ সময় তাঁর নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যাংক কার্ডসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
রুমা চৌধুরী লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকায় বসবাস করেন। গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে আই ওয়ান টিভির একটি টক শো শেষে বাড়ি ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে টিভি নাইনটিন কে জানান ।#
ঘটনার পরপরই রুমা চৌধুরী যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।#
লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে চুরি বা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা বিরল বলে অভিযোগ রয়েছে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠছে।#
রুমা চৌধুরীর পরামর্শ, বিশেষ করে রাতে লন্ডনের নির্জন এলাকায় একা চলাচল এড়িয়ে চলা উচিত। জরুরি প্রয়োজনে রাতে বাইরে থেকে বাড়ি ফেরার সময় ট্যাক্সি ব্যবহার করাই তুলনামূলক নিরাপদ।#
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।#








