টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বদলি করা হয়েছে মাগুরা জেলায়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পদায়ন করা হয়েছে।এ ছাড়া, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে, নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
এবার পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি








