কমিউনিটি ১৯ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের বার্ষিক ইয়ুথ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ৭০ জনের বেশি তরুণকে সম্মাননা প্রদান

post

কমিউনিটিতে অসাধারণ অবদান রাখা শিশু ও তরুণদের সম্মান জানাতে সম্প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক ইয়ুথ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে।

ইয়াং মেয়র টিম ও ইয়ুথ কাউন্সিল এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লন্ডনের অন্যতম বৈচিত্র্যময় ও প্রাণবন্ত বারা টাওয়ার হ্যামলেটসের তরুণদের প্রতিভা এবং নেতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়।

গত ৫ নভেম্বর বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসের টাউন হলে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে তরুণ-তরুণী, তাঁদের পরিবার, স্কুল, কমিউনিটি সংগঠন, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে তরুণদের ইতিবাচক অবদানকে উদযাপন করা হয়।

এবার ৭০ জনেরও বেশি কিশোর-তরুণকে তাঁদের নিজ নিজ কমিউনিটির সদস্যরা মনোনয়ন দেন। তাঁদের নিষ্ঠা, সৃজনশীলতা, দৃঢ়তা এবং অন্যদের সহায়তায় নিবেদিত ভূমিকার স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন প্রদান করা হয়। মনোনীতরা টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় সমাজ এবং ইয়াং লিডারশীপে অংশগ্রহণ করার মাধ্যমে বারার একজন গর্বিত নাগরিক হিসেবে ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে ইয়াং ভলান্টিয়ার অব দ্য ইয়ার, স্পোর্টস টিম অব দ্য ইয়ার, ইয়াং আর্টিস্ট অব দ্য ইয়ার এবং ইয়াং অ্যাচিভার অব দ্য ইয়ারসহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। কমিউনিটি সেবা, ক্রীড়া, সৃজনশীলতা ও ব্যক্তিগত সাফল্যের জন্য এসব সম্মাননা দেওয়া হয়।

এ সময় টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র মুসা নূর, পুরস্কারপ্রাপ্ত ও মনোনীত তরুণদের বক্তব্য এবং তরুণ শিল্পী হ্যারিয়েট হার্টেল, কায়া ও ইজি কিরিয়াকোউ-এর পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অ্যাওয়ার্ড বিজয়ী ও মনোনীত তরুণদের আন্তরিক অভিনন্দন জানিয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “নিজ কমিউনিটির কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশেষ সম্মানের বিষয়। তারা অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে এবং তাদের অর্জন আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস।”

মেয়র আরো বলেন, “ইয়ুথ অ্যাচিভিভমেন্ট অ্যাওয়ার্ডস টাওয়ার হ্যামলেটসের সেরাটুকু তুলে ধরে। আমাদের তরুণরা মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁদের সাফল্য আমাদের বারার শক্তি ও বৈচিত্র্যের প্রতিফলন এবং এটি আরও একবার প্রমাণ করে যে তরুণদের জন্য বিনিয়োগ করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইয়ুথ সার্ভিসে কাউন্সিলের অব্যাহত বিনিয়োগের মাধ্যমে আমরা প্রতিটি তরুণকে তাঁদের সম্ভাবনা বিকাশ, স্বপ্ন পূরণ এবং টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস হলো দেশের দ্রুততম বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় সর্বোচ্চ অর্থনৈতিক অবদান রাখে এই বারা। টাওয়ার অব লন্ডন, ভিক্টোরিয়া পার্ক, ক্যানারি ওয়ার্ফ এবং স্পিটালফিল্ডসের মতো আকর্ষণীয় স্থানের কারণে দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য টাওয়ার হ্যামলেটস।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner