কমিউনিটি ১৮ নভেম্বর ২০২৬

লন্ডনের হাইস্ট্রীট মার্কেট এবং ব্যবসায়ীদের ভালো-মন্দ দেখতে টাওয়ার হ্যামলেটসে যাত্রা শুরু করল লন্ডন মার্কেটস পার্টনারশিপ

post


টাওয়ার হ্যামরেটসে লন্ডনের হাইস্ট্রীট ব্যবসায়ীদের একত্রিত করে তাদের সব ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে লন্ডন মার্কেটস পার্টনারশীপ শিরোনামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়েছে। 


লন্ডন মার্কেটস পার্টনারশিপ লন্ডনের হাইস্ট্রীট মার্কেটগুলোর ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী ও সুসংহত কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এটি স্থানীয় অর্থনীতি, হাইস্ট্রীট অর্থাৎ বাণিজ্যিক এলাকা এবং জনজীবনে মার্কেটগুলোর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিতে সহায়তা করবে।


নবগঠিত লন্ডন মার্কেটস পার্টনারশিপ আগের লন্ডন মার্কেটস বোর্ড-এর  স্থলাভিষিক্ত হয়েছে। গ্রেটার লন্ডন অথরিটি বা জিএলএ কর্তৃক পরিচালিত হত আগের বোর্ডটি। এর বিপরীতে নতুন লন্ডন মার্কেটস পার্টনারশিপ সরাসরি লন্ডনের বারাগুলোর নেতৃত্বে পরিচালিত হবে। এতে সহায়তা করবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রিটিশ মার্কেট অথরিটিজ সংক্ষেপে এনএবিএমএ এবং ন্যাশনাল মার্কেট ট্রেডার্স ফেডারেশন সংক্ষেপে এনএমটিএফ।


লন্ডন মার্কেটস পার্টনারশিপের উদ্বোধনী সভায় যোগ দেবার আগে জিএলএ, এনএবিএমএ, এনএমটিএফ এবং কেনসিংটন অ্যান্ড চেলসি বারার প্রতিনিধিরা টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল মার্কেট পরিদর্শন করেন।


এই পরিদর্শনের সময় মার্কেটে সাম্প্রতিক বিনিয়োগ ও উন্নয়নমূলক কাজ, ভবিষ্যতের উন্নয়নের সুযোগ এবং স্থানীয় ব্যবসা ও জনজীবনে মার্কেটের ভূমিকা তুলে ধরা হয়। ইস্ট লন্ডনের অন্যতম ব্যস্ত এই স্ট্রিট মার্কেটটি লন্ডনের ঐতিহ্যবাহী হাইস্ট্রীট মার্কেটগুলোরে প্রাণবন্ততা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরার একটি চমৎকার সুযোগ করে দেয়।


এরপর অনুষ্ঠিত লন্ডন মার্কেটস পার্টনারশিপের উদ্বোধনী সভায় বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা একত্রিত হয়ে এই পার্টনারশীপ বা অংশীদারিত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা,  মার্কেট সেক্টরের অগ্রাধিকারসমূহ এবং ব্যবসায়ীদের সহায়তা ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।


ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রিটিশ মার্কেট অথরিটিজ’-এর প্রধান নির্বাহী ডেভিড ক্যাটারাল বলেন, “আমি রিজিয়নাল মার্কেট পার্টনারশীপ বা আঞ্চলিক বাজার অংশিদারিত্ব গড়ে তোলার প্রক্রিয়ায় সরাসরি দেখেছি যে, পারস্পরিক সহযোগিতা কতটা শক্তিশালী হতে পারে। মার্কেট পরিচালনাকারী কর্তৃপক্ষ, কাউন্সিল, ব্যবসায়ী এবং অন্যান্য অংশীদারদের একত্রিত করা হলে তা ভালো বা উত্তম দিকগুলো ভাগ করে নিতে এবং সাধারণ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাহায্য করে। এছাড়া, এটি আমাদের হাইস্ট্রীট মার্কেটসহ বিভিন্ন স্থান এবং স্থানীয় অর্থনীতির রূপরেখা তৈরিতে একটি জোরালো কণ্ঠস্বর তৈরি করে।”


তিনি আরও বলেন, “এ কারণেই লন্ডন মার্কেটস পার্টনারশিপ গড়ে উঠতে দেখে আমি আনন্দিত। এনএবিএমএ - একে পূর্ণ সমর্থন দেবে, অন্যান্য এলাকার অভিজ্ঞতা শেয়ার করবে এবং মার্কেট ও ব্যবসায়ীরা যেন তাদের প্রাপ্য স্বীকৃতি, বিনিয়োগ এবং মতামত প্রকাশের সুযোগ পান, তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।”


ন্যাশনাল মার্কেট ট্রেডার্স ফেডারেশন-এর প্রধান নির্বাহী জো হ্যারিসন বলেন: “আমরা অত্যন্ত আনন্দিত যে, অবশেষে লন্ডন মার্কেটস পার্টনারশিপ -এর যাত্রা শুরু হচ্ছে। আমাদের এই বৃহত মার্কেট, ইন্ডাষ্ট্রির সঙ্গে জড়িত এত মানুষকে একত্রিত করতে পারাটা দারুণ ব্যাপার, বিশেষ করে লন্ডনের মতো জায়গায়। মার্কেটগুলো যে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং সুযোগ-সুবিধা প্রদান করে, তা সত্যিই অসাধারণ। আমাদের বাজারগুলো যেন সবার উপকারে আসে, তা নিশ্চিত করাই হবে এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।"


তিনি বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে, এই উদ্যোগটিতে জিএলএ -এর সমর্থন রয়েছে। এর মধ্যে লন্ডনের ব্যবসায়িক বিষয়ক ডেপুটি মেয়র হাওয়ার্ড ডবার-এর পাশাপাশি জাতীয় পর্যায়ের দুটি বাজার সংস্থা এনএমটিএফ (NMTF) এবং এনএবিএমএ (NABMA)-ও যুক্ত রয়েছে।"


এই আয়োজনটি এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে আলোচনা করা সম্ভব হয়েছে যে, লন্ডনের মেয়রের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বাজারগুলো কীভাবে অবদান রাখতে পারে।


নতুন এই ব্যবস্থার অংশ হিসেবে, জিএলএ ইকোনমি বোর্ডে মার্কেট সেক্টরের  একজন প্রতিনিধি থাকবেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মার্কেট সার্ভিস ম্যানেজার ড্যামিয়ান প্যাচেলকে এই দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে বৃহত্তর অর্থনৈতিক আলোচনায় মার্কেট এবং ব্যবসায়ীদের স্বার্থ সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে।


টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মার্কেট সার্ভিস ম্যানেজার ড্যামিয়ান প্যাচেল বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে, টাওয়ার হ্যামলেটস লন্ডন মার্কেটস পার্টনারশিপ-এর উদ্বোধনী সভার আয়োজক হতে পেরেছে এবং পুরো লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিরা একে স্বাগত জানাচ্ছেন।”


“লন্ডনের হাইস্ট্রীট মার্কেটগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মসংস্থান, নতুন উদ্যোগ এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগুলো ক্রমাগত বিবর্তিত হয়েছে, অথচ নিজেদের স্বকীয়তা ও সাম্প্রদায়িক চেতনা, যা এদের অনন্য করে তোলে, তা বজায় রেখেছে।”


“লন্ডনের হাইস্ট্রীট মার্কেটগুলোর সামনে বিশাল সম্ভাবনা রয়েছে, তবে প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থিতিতে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলোও আমাদের স্বীকার করতে হবে। কাউন্সিল, মার্কেট বা বাজার পরিচালনাকারী কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং জিএলএ-কে একত্রিত করার মাধ্যমে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি, একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি এবং এমন পরিবেশ তৈরি করতে পারি যাতে আমাদের বাজারগুলো আগামী প্রজন্মের জন্যও সমৃদ্ধ হতে পারে।”


লন্ডনের জনজীবনে হাইস্ট্রীট মার্কেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো সাশ্রয়ী কেনাকাটার সুযোগ দেয়, স্বতন্ত্র ব্যবসাগুলোকে সহায়তা করে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় বাণিজ্যিক এলাকাগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।


এই নতুন লন্ডন মার্কেটস পার্টনারশিপ বা অংশীদারিত্বের লক্ষ্য হলো, বাজারগুলো যেন ক্রমাগত সমৃদ্ধ হতে থাকে এবং তাদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা লাভ করে, তা নিশ্চিত করা।


  

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner