টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে মোট সাতটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ও জাপানের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা সই হয়।
এর মধ্যে রয়েছে চারটি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র (এলওআই)। অর্থনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা এবং বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়ানোই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হওয়া চুক্তি, সমঝোতা স্মারক ও অভিপ্রায়পত্রের মধ্যে রয়েছে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহলজাহাজ সরবরাহের জন্য অনুদান চুক্তি; জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সমঝোতা স্মারক; জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক।এছাড়া, দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) বাস্তবায়ন এবং কর্মসংস্থান-সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতা স্মারক; জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বাড়াতে অভিপ্রায়পত্রও চুক্তিতে গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্য। অপরদিকে, প্রধানমন্ত্রীর জাপান সফরে আরও দুটি অনুদান চুক্তি সই হয়েছে বলেও জানানো হয়েছে।এদিকে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়াই ছিল এই সফরের অন্যতম লক্ষ্য। এ জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যায়।সই হওয়া চুক্তি ও সমঝোতাগুলোর মাধ্যমে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উপকূলীয় নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। একই সঙ্গে জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তিতে সই








