আন্তর্জাতিক ২৪ জুলাই ২০২৬

মোদি সরকারের আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ভারতঃ ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের জবাবদিহিতা এবং সংশ্লিষ্ট দাবিতে আন্দোলনরত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক ২৬ দিনের অনশন ভেঙেছেন। সরকারের লিখিত আশ্বাস এবং সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন।অনশন ভাঙার পর সোনাম ওয়াংচুক বলেন, সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা এবং দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।দীর্ঘ অনশনের কারণে তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ৫৯ বছর বয়সী এই আন্দোলনকারীকে চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান।একই সঙ্গে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।অনশন ভাঙার সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সরকারের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাসপত্র পড়ে শোনান।এতে জানানো হয়, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।এ ছাড়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, শিক্ষাসচিবকে অপসারণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে।গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সঙ্গে যৌথভাবে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক। গত শনিবার তাঁকে সেখান থেকে আটক করে প্রথমে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর ফুনসুক ওয়াংডু চরিত্রটির অনুপ্রেরণা হিসেবে পরিচিত সোনাম ওয়াংচুক এর আগেও লাদাখের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ষষ্ঠ তফসিলের দাবিতে একাধিকবার দীর্ঘ অনশন করেছেন এবং আটক হওয়ার ঘটনাও ঘটেছে।সূত্র: এনডিটিভি

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner