টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ভারতঃ ভারতের সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। বুধবার (২২ জুলাই) রাতে যন্তর মন্তরের আশপাশে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।এ সময় পুলিশের ওপর পাথর ও বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকেই যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকে।একপর্যায়ে ভিড় টলস্টয় মার্গ ও পার্লামেন্ট স্ট্রিট পর্যন্ত ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুলিশ মূল সমাবেশস্থল ব্যারিকেড দিয়ে সীমিত করে দিলে বিভিন্ন স্থানে ছোট ছোট দলে জড়ো হন আন্দোলনকারীরা।পরে এসব জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালেও যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক আন্দোলনকারী অবস্থান নেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনও বন্ধ রাখা হয়েছে।আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পুলিশের লাঠিচার্জকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তাদের আন্দোলনের ৩৪তম দিন চলছে এবং আন্দোলনের সমর্থনে সোনম ওয়াংচুকের অনশনও অব্যাহত রয়েছে। তবে আন্দোলনকারীরা ওয়াংচুককে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন।সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো আপস হবে না। তিনি অভিযোগ করেন, অতীতের মতো এই আন্দোলনেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।অন্যদিকে সরকার দাবি করেছে, এ আন্দোলনের পেছনে বিরোধী দলগুলোর রাজনৈতিক মদদ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা অভিযোগ করেন, বিরোধীরা আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তবে আন্দোলনের নেতারা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটি শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে পরিচালিত একটি অরাজনৈতিক আন্দোলন।পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয় এবং এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।এদিকে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ব্যবস্থা করা হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত এক মাসের বেশি সময় ধরে দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। মুম্বাই, কলকাতা, পাটনা, গুজরাট ও তামিলনাড়ুসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি বলিউডের অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং সংগীতশিল্পী অরিজিৎ সিংসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।সূত্র: বিবিসি
ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত








