টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )নেত্রকোণা: জেলার নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ভবানীপুর বিওপির সীমান্ত এলাকা থেকে আজ একটি ৬০ মিলিমিটারের জ্যান্ত ও অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের নালা থেকে এই শক্তিশালী গোলাটি উদ্ধার করা হয়।নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ আনুমানিক বেলা পৌনে ১২টার দিকে ভবানীপুর বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) আওতাধীন এলাকার সীমান্ত পিলার ১১৫৫/১০-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ দূরে ভবানীপুর গ্রামের কয়েকজন ছোট বাচ্চা একটি নালায় মাছ ধরতে যায়। মাছ ধরার সময় কাদা মাটির ভেতরে তারা ভারী লোহার বস্তু বা একটি গোলা দেখতে পায়।পরবর্তীতে ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. ছদর উদ্দিনের পুত্র মো. আমজাদ আলী (৩০) বিষয়টি জানতে পেরে নালা থেকে উক্ত গোলাটি অত্যন্ত সতর্কতার সাথে তুলে নিয়ে আসেন। তিনি গোলাটি তার বাড়ির নিকটবর্তী নিরাপদ স্থানে রেখে তাৎক্ষণিকভাবে বিজিবি ভবানীপুর বিওপি কমান্ডারকে খবর দেন। খবর পেয়ে ভবানীপুর বিওপি কমান্ডার বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে যান। সেখানে তারা বস্তুটিকে ৬০ মি: মি: মর্টার এর একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবিস্ফোরিত গোলা হিসেবে শনাক্ত করেন।৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, জননিরাপত্তা ও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত গোলাটি বালির বস্তা দিয়ে চারপাশ থেকে নিরাপদ বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এবং উক্ত স্থানে বিজিবি মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি ও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।তিনি বলেন, সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া মর্টার শেলটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বর্তমানে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সাথে সার্বিক সমন্বয় সাধন করে গোলাটি সম্পূর্ণ নিরাপদ উপায়ে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বোম্ব ডিসপোজাল দল উক্ত স্থানে পৌঁছে গোলাটি নিষ্ক্রিয় বা ধ্বংস করার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
নেত্রকোণায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার





 01.01.2024.jpg)


