বাংলাদেশ ০২ জুন ২০২৬

লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

দাবায় শামীম আহমদ, ক্যারমে মাহবুবুর রহমান ও লুডুতে বুলবুল হাসান চ্যাম্পিয়ন

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক :  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। গত ৩১ মে রোববার প্রেসক্লাব কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রতিযোগিতা পরিণত হয় এক মিলনমেলায়। দাবা, ক্যারম ও লুডু,এই তিনটি খেলায় অংশ নেন বিপুলসংখ্যক সদস্য। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে টানটান উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানার্সআপ হন আসাদ্দুজ্জামান মুকুল। ক্যারমে চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান, রানার্সআপ সামসুল ইসলাম। লুডুতে চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান এবং রানার্সআপ হন বাহার উদ্দিন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান।

দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন এবং আবু মুসা হাসানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করা হয়। উপ-কমিটির সদস্য ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল ও এনাম চৌধুরী। প্রতিযোগিতা সমন্বয় করেন ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, “প্রতি বছরের মতো এবারও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট সফল হয়েছে। ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।”

সাধারণ সম্পাদক আকরাম হুসাইন বলেন, “জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রেজারার আব্দুল হান্নান, সহকারী সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, প্রথম নির্বাহী সদস্য সারোয়ার হোসেন, নির্বাহী সদস্য লোকমান কাজীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন এবং অন্যান্য সিনিয়র সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং বিজয়ীদের অভিনন্দন জানান। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং সুস্থ শরীর ও মন গঠনের অন্যতম মাধ্যম। এ লক্ষ্যেই প্রতি বছর লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্যদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন করে আসছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner