টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশনস” বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। এই সফরে দুই দেশের মধ্যে শিক্ষা এবং শিশুদের কল্যাণে কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া নিয়ে আলাপ হবে।ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস গত শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশনস”বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার শনিবার ঢাকায় পৌঁছাবেন। তিনি তিন দিনের সফরে আসছেন, যার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া। বিশেষ দূত হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা। সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশনস” বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডারের এই সফরের পেছনে অন্যতম উদ্দেশ্য হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে উৎসাহিত করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সনদ নেওয়ার হার উল্লেখজনকভাবে বেড়েছে, যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।আমেরিকান সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১৭,০৯৯ জন বাংলাদেশি শিক্ষার্থী ছিল, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি এবং যা গত এক দশকে ২৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে (বিগত ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল মাত্র ৪,৮০২ জন)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম শিক্ষার্থী প্রেরণকারী দেশ ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই সংখ্যা আরও বেড়ে ২০,১৫৬ জনে পৌঁছেছে, যা ১৭.৯ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে মোট আন্তর্জাতিক শিক্ষার্থী প্রায় ১২ লাখের বেশি, তার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী প্রায় ১.৭ শতাংশ।
ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার








