টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বয়ে গেছে বছরের প্রথমদিকের কালবৈশাখী ঝড়। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় মহানগরীর আকাশ। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টিসহ মুষলধারে বৃষ্টি।সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ধূলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। এরপর রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।রাজধানীর শাহবাগ, বাংলামোটর, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলা পড়তে দেখা গেছে। বৃষ্টির পাশাপাশি দফায় দফায় বিদ্যুৎ চমকানো ও বিকট শব্দে বজ্রপাতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ এই দুর্যোগে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও ঘরে ফেরা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।এদিকে, আজ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানীতে কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল শিলা








