কমিউনিটি ২৭ মার্চ ২০২৬

যুক্তরাজ্যে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা তুলে ধরতে গোল ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইস্টার হলিডে ক্লাব আয়োজন করছে গোল ফাউন্ডেশন ও টাওয়ার হ্যামলেট কাউন্সিল

post

সংবাদ সম্মেলনের একাংশ : ছবি : টিভি নাইনটিন অনলাইন

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক :  শিশু-কিশোরদের জন্য ইস্টার উপলক্ষে বিশেষ হলিডে কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে Goal Foundation এবং Tower Hamlets Council। ‘হলিডে অ্যাকটিভিটি অ্যান্ড ফুড হাব’ শীর্ষক এই কর্মসূচি আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১, ২, ৭, ৮, ৯ ও ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।শিশু-কিশোরদের জন্য আট দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার এই  প্রশিক্ষণ ও টুর্নামেন্টে চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পূর্ব লন্ডনের ওসমানী সেন্টার ও ভ্যালেন্স পার্কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিশু-কিশোরদের অভিভাবকদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধনের জন্য গোল ফাউন্ডেশন অথবা টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ওয়েবসাইট ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে গত ২৫ মার্চ বুধবার London Bangla Press Club-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. শামসুল আরেফিন এবং লিখিত বক্তব্য পাঠ করেন অরূপ চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন মো. জুয়েল চৌধুরী, অর্ঘ্য বিশ্বাস, রফিকুল ইসলাম সুমন, বাপ্পি দাসসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমের সুযোগ সৃষ্টি করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন ,বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলো—যেমন কানামাছি, দাঁড়িয়াবান্ধা, ডাংগুলি, গোল্লাছুট ও হাডুডু—আধুনিক প্রযুক্তির প্রভাব, খেলার মাঠের সংকট এবং সামাজিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলো পরিচিত করে তুলতে এই  উদ্যোগ নিয়েছে GOAL Foundation UK।

বক্তারা আরো বলেন, GOAL Foundation UK শুধু এই কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সংগঠনটি কমিউনিটির উন্নয়নে আরও নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্রি ইংরেজি ভাষা কোর্স, তরুণদের জন্য ক্রিকেট প্রশিক্ষণ, T10 District Cup ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, এবং কমিউনিটির প্রয়োজনভিত্তিক আরও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ।

সংগঠনের চলমান ও আসন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে সবাইকে GOAL Foundation UK-এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগের জন্য:
ল্যান্ডলাইন: 03003 020554
মোবাইল: +44 7727 974429
ইমেইল: info@goalfoundationuk.org

ওয়েবসাইট: www.goalfoundationuk.org

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner