টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চলমান অস্থিরতায় দেশের তৈরি পোশাকশিল্পে বড় ধরনের আর্থিক ক্ষতির চিত্র উঠে এসেছে।গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরিপে এ তথ্য উঠে এসেছে।রোববার (২২ নভেম্বর) বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ চালানো হয়েছে।জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে শুধু উৎপাদন পর্যায়েই ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা রপ্তানি পণ্যের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য হিসেবে হিসাব করা হয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।অর্ডার ধরে রাখতে অনেক কারখানাকে অতিরিক্ত ব্যয়ে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে অন্য দেশে অর্ডার স্থানান্তর। বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিরতার কারণে ক্রেতারা ইতিমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। সংগঠনটির মতে, এ পরিস্থিতি বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।বিজিএমইএ বলছে, জরিপে পাওয়া তথ্য প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নয়, বরং এর একটি অংশমাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। কিন্তু স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। এ ছাড়া জরিপের তথ্য সংগ্রহের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ক্ষতি শুধু তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্য দেশে বিপুল পরিমাণ অর্ডার স্থানান্তরের মধ্য দিয়ে সেই প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে বলে মনে করছে সংগঠনটি। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি।
চলতি মাসের ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি








