বাংলাদেশ ১৯ নভেম্বর ২০২৬

বাগেরহাটের বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আ. লীগ নেতাকর্মীরা

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বাগেরহাটঃ বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।এ সময় তাঁর সঙ্গে থাকা গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে বেধড়ক মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।মারধরের শিকার গাড়িচালক ও বিএনপি নেতা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বাগেরহাটে ফিরছিলেন তাঁরা। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসকল বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি দল তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়।বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন জানান, ভাঙচুর,মারধর, লুটপাট শেষে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবি ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকে। পরে তাঁকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তাঁরা দুজন গাড়ি ফেলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে আসেন।বাগেরহাট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছেন। ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও চেষ্টা চলছে। একটি সূত্রের মাধ্যমে তাঁদের ব্যবহৃত গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবর পাওয়া গেছে।বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ময়েনের মাধ্যমে তিনি মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছেন।আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে অপহরণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে।এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ মনিরুল হক ফরাজিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner