কমিউনিটি ১৮ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে শিশু ও তরুণদের জন্য বিনিয়োগ জোরদার: দুই অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড পেল ১০ বছরের নতুন লিজ

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কাউন্সিল সম্প্রতি গ্ল্যামিস অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এবং উইভার্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডকে নতুন ১০ বছরের লিজ প্রদান এবং কমিউনিটি বেনিফিট রেন্ট রিডাকশন অনুমোদন করেছে, যা দুই প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ করে দেবে।

এই সিদ্ধান্ত উপলক্ষে কাউন্সিলের ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর আবু তালহা চৌধুরী, হাউজিং অ্যান্ড রিজেনারেশনের করপোরেট ডিরেক্টর ডেভিড জয়েস, করপোরেট প্রপার্টি অ্যান্ড এস্টেটসের পরিচালক স্যাম ব্রাউন এবং ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টরের (ভিসিএস) সিনিয়র স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অফিসার ওয়েইন ট্রেভর উভয় সাইট পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন উইভার্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের প্রতিনিধি এরল উইন্টার, গ্ল্যামিস অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের প্রতিনিধি এমা মুলহার্ন ও জনাথন মোলস এবং প্লেগ্রাউন্ড ব্যবহারকারী একজন অভিভাবক।

সফরকালে প্রতিনিধিদলটি উভয় প্লেগ্রাউন্ডের কার্যক্রম, ইতিহাস এবং স্থানীয় শিশু, তরুণ ও পরিবারগুলোর জীবনে এসব প্রতিষ্ঠানের ইতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারেন। তারা কর্মীদের সঙ্গে আলোচনা করেন কীভাবে দীর্ঘমেয়াদি লিজ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন, তহবিল সংগ্রহ এবং সেবা সম্প্রসারণে সহায়তা করবে।

কাউন্সিলের ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডগুলো শুধু খেলার জায়গা নয়, এগুলো আমাদের শিশু ও তরুণদের বেড়ে ওঠা, শেখা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার গুরুত্বপূর্ণ কেন্দ্র। বহু বছর ধরে গ্ল্যামিস ও উইভার্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড স্থানীয় পরিবারগুলোর জন্য অমূল্য সেবা দিয়ে আসছে এবং আমরা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পেরে গর্বিত।"

তিনি আরো বলেন, "নতুন ১০ বছরের লিজের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা দিচ্ছি, যাতে তারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে, অতিরিক্ত তহবিল আকর্ষণ করতে পারে এবং আরও বেশি শিশু ও পরিবারের কাছে তাদের সেবা পৌঁছে দিতে পারে।"

ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, "টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শিশু ও তরুণদের জন্য বিনিয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি স্থানীয় পরিবারগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানগুলোর সর্বোচ্চ ব্যবহার করেন। আমরা চাই বারার প্রতিটি শিশু নিরাপদ, স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক পরিবেশে খেলাধুলা ও বিকাশের সুযোগ পাক।”

দশক ধরে গ্ল্যামিস ও উইভার্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটির শিশু ও তরুণদের জন্য নিরাপদ, সৃজনশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ প্রদান করে আসছে। এসব স্থানে শিশুরা খেলাধুলা, শেখা, সামাজিক যোগাযোগ ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগ পায়। বিশেষ করে যেসব এলাকায় শিশুদারিদ্র্য, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং উন্মুক্ত স্থানের অভাব রয়েছে, সেখানে এই প্লেগ্রাউন্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে দুই প্রতিষ্ঠান আর্থিকভাবে আরও শক্তিশালী ভিত্তি লাভ করবে। দীর্ঘমেয়াদি লিজ থাকায় তারা এখন আরও সহজে বাহ্যিক অনুদান ও তহবিল সংগ্রহ করতে পারবে, নিজেদের সুবিধা ও অবকাঠামোয় বিনিয়োগ করতে পারবে এবং ভবিষ্যতের জন্য নতুন কর্মসূচি ও সেবা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।

এই উদ্যোগ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শিশু ও তরুণদের উন্নয়ন, জনস্বাস্থ্য, কমিউনিটি ক্ষমতায়ন এবং শক্তিশালী স্থানীয় অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতিরই প্রতিফলন। নতুন ১০ বছরের লিজের মাধ্যমে এই দুই মূল্যবান কমিউনিটি সম্পদের ভবিষ্যৎ সুরক্ষিত হওয়ায় স্থানীয় শিশু, তরুণ ও পরিবারগুলো আগামী বহু বছর ধরে এসব সুবিধার সুফল ভোগ করতে পারবেন।


 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner