কমিউনিটি ১০ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে অসামাজিক মদ্যপানবিরোধী নিষেধাজ্ঞা আরও তিন বছরের জন্য বহাল

post

টাওয়ার হ্যামলেটসের পার্ক, সড়ক ও উন্মুক্ত জনপরিসরে অসামাজিক মদ্যপানবিরোধী নিষেধাজ্ঞা আরও তিন বছরের জন্য বহাল রাখা হয়েছে।

বর্তমানে টাওয়ার হ্যামলেটসের সব উন্মুক্ত জনপরিসরে পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার (পিএসপিও) কার্যকর রয়েছে। এই আদেশের আওতায় এনফোর্সমেন্ট অফিসার এবং পুলিশ জনসমক্ষে অসামাজিক আচরণকারী বা এমন আচরণের আশঙ্কা রয়েছে বলে মনে করা ব্যক্তিদের কাছ থেকে মদ জব্দ করতে পারবেন।

কাউন্সিলের বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে পরিচালিত এক কনসালটেশনের পর এর মেয়াদ আগামী ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।কনসালটেশনে  ৮০ শতাংশ বাসিন্দা পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার (পিএসপিও) -এর মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেন। এছাড়া অর্ধেকের বেশি অংশগ্রহণকারী মনে করেন, এই আদেশ অব্যাহত থাকলে জনপরিসর আরও নিরাপদ হয়ে উঠবে।

সেন্ট্রাল ইস্ট বেসিক কমান্ড ইউনিটের নেইবারহুড পুলিশিং বিভাগের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অলিভার রিখটার বলেন, “মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল ইস্ট-বেসিক কমান্ড ইউনিট, যা টাওয়ার হ্যামলেটস এলাকাকে কভার করে। সিনিয়র ম্যানেজমেন্ট রেসপনসিবল ড্রিংকিং নিয়ম আরও তিন বছরের জন্য নবায়নের প্রস্তাবকে সমর্থন করছে। এই আদেশটি মদ্যপানসংক্রান্ত অসামাজিক আচরণ প্রতিরোধ ও মোকাবিলায় এবং এর ফলে স্থানীয় কমিউনিটির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার কবির আহমেদ বলেন, “টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী, কর্মরত এবং আগত সকল মানুষের জন্য আমাদের পার্ক, সড়ক ও জনসাধারণের স্থানগুলোকে নিরাপদ এবং সবার জন্য স্বাগতপূর্ণ রাখার ব্যাপারে কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ। ‘পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার’ মদ্যপান-সম্পর্কিত অসামাজিক আচরণ প্রতিরোধ ও নিরুৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। যেখানে মদ্যপান-সংশ্লিষ্ট অসামাজিক আচরণ বাসিন্দা, কমিউনিটি ও বৃহত্তর জনসাধারণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, সেখানে এ আদেশ কাউন্সিল ও পুলিশের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।”

তিনি আরও বলেন, “এই আদেশ ন্যায্য, আনুপাতিক এবং লক্ষ্যভিত্তিকভাবে প্রয়োগ করা হয়। এটি দায়িত্বশীলভাবে মদ্যপানকারীদের বিরুদ্ধে নয়। বরং মদ্যপানের কারণে যখন অসামাজিক আচরণ সৃষ্টি হয় বা জনপরিসরের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হয়, তখন যথাযথ ব্যবস্থা গ্রহণই এর মূল উদ্দেশ্য।”

উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস হলো দেশের দ্রুততম বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় সর্বোচ্চ অর্থনৈতিক অবদান রাখে এই বারা। টাওয়ার অব লন্ডন, ভিক্টোরিয়া পার্ক, ক্যানারি ওয়ার্ফ এবং স্পিটালফিল্ডসের মতো আকর্ষণীয় স্থানের কারণে দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য টাওয়ার হ্যামলেটস।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner