টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বরিশালঃ সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদরের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এসব যাত্রী। অনেকে বাধ্য হয়ে মোটরসাইকেল ও রিকশাযোগে গন্তব্যে রওনা হয়েছেন। যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। এর পাশাপাশি প্রায়ই বাস ধর্মঘটের এই বিষয়ের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।যাত্রী সোহরাব হাওলাদার বলেন, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, তিনি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে তাকে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে।এর আগে রোববার বরিশাল সদরের চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ বাঁধে। এ সময় সড়কে থ্রি-হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, থ্রি-হুইলারের কারণে বাস দুর্ঘটনা ঘটছে; পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই তারা দ্রুত সড়ক থেকে থ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান।বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা







