টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।সোমবার (২ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার ৩ নভেম্বর বেলা ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হবে। গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। গত ১ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।এরই মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার








