টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : পূর্ব লন্ডনের বার্কিং নির্বাচনী এলাকার সংসদ সদস্য (এমপি) নেসিল কালিস্কান (Nesil Caliskan) গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ড্যাগেনহাম সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করেন। তাঁর এ পরিদর্শন উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে এক নাগরিক সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
স্থানীয় কাউন্সিলর মুহাম্মদ সেলিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম ফিরোজ আলম। পরে স্বাগত বক্তব্য দেন ইমাম অলিউর রহমান। এ সময় মসজিদ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বিলাল আহমদ মসজিদের বিভিন্ন কার্যক্রম, সামাজিক অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর ফিরোজ গনী, কাউন্সিলর ফারগুসন, কাউন্সিলর ফাইযা, বরো কমান্ডার বিজু প্রেমনাথ, ইন্সপেক্টর উইডেন এবং পিসিএস উমাইয়া ফেরদাউসসহ অন্যান্য অতিথি।
মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে বক্তব্য দেন মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন আলম, সিনিয়র সিটিজেন গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক আজীম উদ্দিন। তাঁরা মসজিদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয় জনগণের কল্যাণে মসজিদের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মসজিদ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বিলাল আহমদ মসজিদের আসন্ন সম্প্রসারণ কার্যক্রমের কথা তুলে ধরেন। এ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। অন্যান্য বক্তারাও মসজিদের সম্প্রসারণসহ ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নেসিল কালিস্কান এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্কিং এলাকার নতুন সংসদ সদস্য হিসেবে স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং তাঁদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি ধর্ম, বর্ণ ও লিঙ্গনির্বিশেষে এলাকার সব মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে অসামাজিক আচরণ ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্য এবং মুসল্লিরা অংশ নেন। সবশেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে আয়োজিত প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








