টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই নির্দেশ দেন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতের আদেশ অনুযায়ী মনিরুল ইসলাম ছাড়াও তার পরিবারের আরও তিন সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তারা হলেন মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মোজাম্মিল হোসেন এই ফ্রিজ করার আবেদনটি আদালতে পেশ করেন।দুদকের দেওয়া তথ্য অনুযায়ী এই চারজনের ৮৩টি হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এর মধ্যে মনিরুল ইসলামের নামে ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড এবং তার স্ত্রী সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা রয়েছে। এছাড়া মনিরুলের শ্যালক শাহীনের নামে ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং শ্যালকের স্ত্রী টুম্পার নামে ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা জমা রয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামক দুটি এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জন করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা এই বিপুল অর্থ ব্যাংক থেকে তুলে বিদেশে পাচারের চেষ্টা করছেন। এই সম্পদ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের বড় ক্ষতি হবে বিবেচনা করে আদালত ব্যাংক হিসাবগুলো ফ্রিজের আদেশ দেন।
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ








