টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে বলা হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের করা দুটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের দাবি করা কর আদায়ে আর আইনি বাধা থাকল না।পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। পরে হাইকোর্টের নতুন বেঞ্চে শুনানি শেষে রুলগুলো খারিজ করা হয়।রায় ঘোষণার পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদনসংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের কর দাবি বহাল রয়েছে।এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে হাইকোর্টের একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়। পরে মামলাটি নতুন একটি বেঞ্চে পাঠানো হয়। সেখানে শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট আবেদন খারিজ করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই কর আদায়ের বিষয়ে এনবিআরের অবস্থান বহাল থাকে।
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ








