বাংলাদেশ ১১ অক্টোবর ২০২৬

স্থানীয় ভোটে আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’: সংসদীয় কমিটির সভাপতি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ‘পুরোপুরি প্রস্তুত’ নয় বলে মনে করে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতির সময় দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। তবে সেই প্রস্তুতি শেষে আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।র‌বিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সেলিম রেজা হাবিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন অন্য যেকোনো নির্বাচনের তুলনায় বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। প্রতিটি কেন্দ্রে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থাকেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ও পূর্বপ্রস্তুতির প্রয়োজন পড়ে, যা এখনো পুরোপুরি নেই।বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে একমত পোষণ করেন।বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্ত করার জোরালো সুপারিশ করা হয়েছে। কমিটি বলেছে, দুর্নীতির উদ্দেশ্যে নেওয়া এসব অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নে রাজনৈতিক পরিচয় নয়, বরং যোগ্যতা ও মেধাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।গ্রামীণ সড়কের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ‘ওয়ারেন্টি’ হিসেবে জামানত রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়নকাজ শেষ হওয়ার পর তিন বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাকে নিতে হবে। এতে নির্মাণকাজে ফাঁকি দেওয়ার সুযোগ কমবে এবং কাজের স্থায়িত্ব নিশ্চিত হবে।বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের আর্সেনিকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বৈঠকে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করারও সুপারিশ করা হয়।কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner