টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছেন ২৯৫ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৪৩ জন।এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।এ ছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে, ওই মাসে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম নয় দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৫০ জন।
চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১








