কমিউনিটি ২৩ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে আরও বেশি পরিবার পাবে স্কুল ইউনিফর্ম অনুদান: গত বছর পেয়েছিল সাড়ে ৪০০০ স্টুডেন্ট

আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফর

post

> আয়সীমা বাড়িয়ে £৬০,০০০, সহায়তার আওতায় আসবে আরও হাজারো পরিবার

> রিসেপশন ও ইয়ার সেভেন-এর পাশাপাশি এখন থেকে ইয়ার থ্রি ও ইয়ার টেন-এর শিক্ষার্থীরাও পাবে অনুদান

> স্কুল ইউনিফর্ম অনুদানের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদান (স্কুল ক্লদিং গ্র্যান্ড) কর্মসূচির আওতা সম্প্রসারণ করেছে, যার ফলে আরও হাজারো পরিবার তাদের সন্তানের স্কুল ইউনিফর্ম কেনার জন্য আর্থিক সহায়তা পাবে।

নতুন শিক্ষাবর্ষ থেকে শুধু প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরাই নয়, ইয়ার থ্রি (Year 3) এবং ইয়ার টেন (Year 10)-এ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাও এই অনুদানের আওতায় আসবে। একই সঙ্গে পরিবারের আয়সীমা ৫০,৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০,০০০ পাউন্ড করা হয়েছে, ফলে আরও বেশি পরিবার এই সহায়তার জন্য আবেদন করতে পারবে। সম্প্রসারিত এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করতে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান মঙ্গলবার কবি নজরুল প্রাইমারি স্কুলে যান এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কিছু সময় কাটান।

এই গ্র্যান্ট প্রাইমারি স্কুলে ৫০ পাউন্ড এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ১৫০ পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে ।

গত বছর চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ৪,৫০০-এর বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। এর মধ্যে প্রায় ১,৬০০ জন প্রাইমারি এবং ৩,০০০ জন সেকেন্ডারি শিক্ষার্থী রয়েছে। প্রতি সপ্তাহেই নতুন আবেদন অনুমোদন ও অর্থপ্রদান করা হচ্ছে।

এসময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “বারার কমবয়সী জনগোষ্টি ও তাদের পরিবারকে সহায়তা করার ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস পথপ্রদর্শক। আমরা ইতোমধ্যে দেশের অন্যতম সেরা সহায়তা প্যাকেজ প্রদান করছি এবং এখন সেটিকে আরও সম্প্রসারণ করেছি। আয়সীমা বৃদ্ধি এবং অতিরিক্ত দুইটি শিক্ষাবর্ষকে অনুদানের আওতায় আনার ফলে আরও অনেক পরিবার উপকৃত হবে।”

তিনি এসময় স্টুডেন্টদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন। বলেন, স্বপ্ন বড় করতে হবে ও আশাবাদী থাকাতে হবে। তবে এ জন‍্য পড়াশোনায় মন দেয়া এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মান দিতে হবে। তাদের কথা শুনতে হবে। 

তিনি আরও বলেন, “বিনামূল্যে স্কুল মিল, প্রতিটি ওয়ার্ডে ইয়ুথ সেন্টার, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অনুদান এবং ইয়ুথ সার্ভিস বা যুবসেবায় বিনিয়োগের মাধ্যমে কাউন্সিল এমন একটি জনপদ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিশু ও তরুণ তাদের আর্থিক পটভূমি নির্বিশেষে সফল হওয়ার সুযোগ পায়।”

বারায় ২০২৩ সালে সেকেন্ডারি স্কুলে ফ্রি মিল কর্মসূচি সম্প্রসারণের পর থেকে শিক্ষার্থীদের জন্য ৪.৫ মিলিয়নেরও বেশি বিনামূল্যের খাবার পরিবেশন করা হয়েছে।

কাউন্সিল ২০২২ সালে এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স (ইএমএ) এবং ইউনিভার্সিটি বার্সারি পুনরায় চালু করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার খরচে সহায়তার জন্য ৬০০ পাউন্ড অথবা ১৫০০ পাউন্ড পর্যন্ত অনুদান পেতে পারে। এ পর্যন্ত প্রায় ৪,০০০ শিক্ষার্থী ইএমএ এবং ২,৪০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বার্সারি পেয়েছে।

শিক্ষা বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই টাওয়ার হ্যামলেটসের প্রতিটি শিশু আত্মবিশ্বাসের সঙ্গে নতুন শিক্ষাবর্ষ শুরু করুক এবং তাদের শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পাক। স্কুল ইউনিফর্ম অনুদান কর্মসূচির পরিধি বাড়ানোর মাধ্যমে আমরা আরও বেশি পরিবারকে সহায়তা করতে পারছি, যাতে আর্থিক চাপ শিশুদের শিক্ষা ও অংশগ্রহণে বাধা হয়ে না দাঁড়ায়। এই উদ্যোগটি শিশু, তরুণ এবং পরিবারের জন্য আমাদের বিস্তৃত সহায়তা কর্মসূচির অংশ।”

তিনি বলেন, “আমরা জানি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেক পরিবার চ্যালেঞ্জের মুখোমুখি। তাই আয়সীমা বৃদ্ধি এবং আরও দুটি শিক্ষাবর্ষকে কর্মসূচির আওতায় এনে আমরা নিশ্চিত করছি যে আরও বেশি শিশু প্রয়োজনীয় সহায়তা পাবে এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ অর্জন করবে।”

বেথনাল গ্রিনের বাসিন্দা মোহাম্মদ চৌধুরী, যার মেয়ে লতিফা সম্প্রতি বোনার প্রাইমারি স্কুলে রিসেপশন ক্লাসে ভর্তি হয়েছে, তিনি বলেন, “স্কুল পোশাক অনুদান পেয়ে আমি খুবই খুশি। এটি আমাদের পরিবারের জন্য বড় সহায়তা হয়েছে। মেয়ের নতুন স্কুল ইউনিফর্ম কেনার খরচের একটি বড় অংশ এই অনুদানের মাধ্যমে পূরণ করতে পেরেছি। আরও পরিবারের কাছে এই সুযোগের খবর পৌঁছানো গুরুত্বপূর্ণ, কারণ অনেকের জন্য স্কুল পোশাকের খরচ বহন করা কঠিন হয়ে যায়।”

কবি নজরুল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বেলিন্ডা কিং বলেন, “এই কর্মসূচি স্থানীয় পরিবারগুলোর ওপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে। স্কুল ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি শিশুদের মধ্যে সমতা ও অন্তর্ভুক্তির অনুভূতি তৈরি করে। আর্থিকভাবে চ্যালেঞ্জের মুখে থাকা পরিবারগুলোর জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ স্বস্তি এনে দেয়।”

একই ধরনের মন্তব্য করেছেন সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুলের হেড অব স্কুল ফিরদাউসি উদ্দিন। তিনি বলেন, “স্কুল ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং একাত্মতার অনুভূতি তৈরি করে। এই অনুদান পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কমাবে এবং শিক্ষার্থীদের শেখার জন্য আরও প্রস্তুত করে তুলবে।”

কীভাবে আবেদন করবেন: 

www.towerhamlets.gov.uk/SCG ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং যোগ্যতার বিস্তারিত তথ্য জানতে পারবেন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner