আগামী ২০ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী সড়ক ব্রিক লেনে আসছে বহুল প্রতীক্ষিত ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল। খাবার, সংগীত, নৃত্য, বর্ণিল পোশাক আর পারিবারিক বিনোদনে মেতে উঠবে বাংলাটাউন খ্যাত এই এলাকা। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে প্রবেশ ও অংশগ্রহণ সম্পূর্ণ বিনা মূল্যে।
গত বছর ব্যাপক সাড়া ফেলে ফিরে আসা এই উৎসব এবার আরও বড় পরিসরে, আরও বর্ণাঢ্য আয়োজনে ফিরছে বলে জানিয়েছেন আয়োজকেরা। উৎসবের লক্ষ্য বাংলাদেশি ও দক্ষিণ এশীয় ঐতিহ্যকে উদ্যাপন করা, যে ঐতিহ্য ব্রিক লেন ও বৃহত্তর পূর্ব লন্ডনকে আজকের রূপ দিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি এলাকার স্থানীয় রেস্টুরেন্ট ও ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উৎসবের সূচনা হবে এক জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে, যা ব্রিক লেন ধরে এগিয়ে যাবে। শোভাযাত্রায় থাকবে ঢোলবাদক, নৃত্যশিল্পী, ঐতিহ্যবাহী চীনা সিংহনৃত্য এবং খ্যাতনামা শিল্প সংগঠন ইমার্জেন্সি এক্সিট আর্টসের বিশেষভাবে তৈরি করা তিনটি বিশালাকার পুতুল।
মূল মঞ্চে সারা দিন ধরে চলবে গান বাজনা ও নৃত্য পরিবেশনা। পরিবেশন করবেন ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী খিয়ো, নিশ ও মামজি স্ট্রেঞ্জার, পাশাপাশি থাকবে আইএমডি লিজিয়ন, ডিজে নাজ ফিচারিং বলি ফ্লেক্স, তাল তরঙ্গ, সৌমি দাস ড্যান্স কোম্পানি, বলিউড ব্রাস ব্যান্ডসহ আরও অনেকের পরিবেশনা। এ ছাড়া পুরো ব্রিক লেনজুড়ে থাকবে ঘুরে ঘুরে পরিবেশনাকারী শিল্পী, ডিজে এবং নানা বিনোদন পরিবেশনা, যার মধ্যে থাকবে অ্যাকসেস ক্রিয়েটিভ কলেজের মেধাবী শিক্ষার্থীদের পরিবেশনাও।
পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। উৎসবের পারিবারিক জোন ‘দ্য ঘাট’-এ থাকবে বিনা মূল্যের নানা কর্মসূচি - শাড়ি পরানো ও লুঙ্গি বাঁধার প্রদর্শনী, আইএমডি লিজিয়ন ও বলি ফ্লেক্সের সঙ্গে নাচের কর্মশালা, খেলাধুলা, নানা গেম এবং শিশুদের জন্য বাউন্সি ক্যাসল।
খাবার ছাড়া অবশ্য ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল অসম্পূর্ণ। উৎসবে অংশ নেওয়া রেস্তোরাঁগুলো পরিবেশন করবে আঞ্চলিক ও বিশেষ পদের খাবার, সঙ্গে থাকবে স্ট্রিট-ফুড স্টল ও শেফদের রান্নার প্রদর্শনী, যা পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির সমৃদ্ধ রন্ধনশৈলীকে তুলে ধরবে।
ইভেন্টব্রাইটের মাধ্যমে বিনা মূল্যে নিবন্ধন করলে অংশগ্রহণকারীরা একটি বিশেষ কোড পাবেন, যা দিয়ে উৎসব সপ্তাহান্তে ব্রিক লেনের অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোতে বিলের ওপর ২০ শতাংশ ছাড় মিলবে।
ব্রিক লেন কারি ফেস্টিভ্যালের আয়োজক টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাটাউন বিজনেস অ্যাসোসিয়েশন (বিটিবিএ) এবং ব্রিক লেন কমিউনিটি ফোরাম (বিএলসিএফ)। এটি ‘লাভ টাওয়ার হ্যামলেটস’ প্রচারাভিযানেরও একটি অংশ।
রোববার বন্ধু ও পরিবার নিয়ে চলে আসুন এবং পূর্ব লন্ডনকে বিশেষ করে তোলা খাবার, সংস্কৃতি ও কমিউনিটির এই উৎসবে শামিল হোন।
অনুষ্ঠানসূচিঃ
তারিখঃ রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সময়ঃ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা
স্থানঃ ব্রিক লেন, ই১, লন্ডন
আগ্রহীরা ইভেন্টব্রাইটের ওয়েবসাইটে (www.eventbrite.co.uk/e/brick-lane-curry-festival-2026-tickets-1993902630442?aff=oddtdtcreator) গিয়ে নিবন্ধন করলে ব্রিকলেনের অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে ২০ শতাংশ ছাড়ের কোড ও সর্বশেষ তথ্য পাবেন। বিনোদন সূচি ও ইন্টারঅ্যাকটিভ ইভেন্ট মানচিত্র দেখতে লাভ টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট (www.lovetowerhamlets.com/whats-on/brick-lane-curry-festival-2026) ভিজিট করুন।








