টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ আগামী শিক্ষাবর্ষে (২০২৭) দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরের এবং ষষ্ঠ থেকে নবমে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আগামী ১৭ ডিসেম্বরের পর যে কোনো দিন এ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনের তথ্য নেওয়া হবে। এরপর শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হবে।
কোন শ্রেণিতে কত নম্বরের পরীক্ষা
ভর্তি পরীক্ষা আয়োজনে মাউশি এরই মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। নীতিমালা অনুযায়ী- দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এতে সময় থাকবে এক ঘণ্টা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণিতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে সময় থাকবে দুই ঘণ্টা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে।
স্কুলে ভর্তি পরীক্ষা কবে
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা প্রস্তাব আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাদের প্রাথমিক সিদ্ধান্ত হলো- ১৭ ডিসেম্বরের পর থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, মাউশি থেকে একটি প্রস্তাবনা শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিলে ভর্তি নীতিমালা জারি করা হবে।২০২১ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করা হয়। এরপর টানা ছয় বছর লটারির মাধ্যমে ভর্তি করা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষাবিদ ও অভিভাবকদের তীব্র সমালোচনার মুখে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা না নিয়ে লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্তে অটল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী নীতিমালা ও প্রস্তুতি নিচ্ছে মাউশিসহ শিক্ষাপ্রশাসন।
স্কুলে ভর্তি পরীক্ষা কবে, কোন শ্রেণিতে কত নম্বর জানাল মাউশি







