নেত্রকোনা হাওরাঞ্চল প্রতিনিধি নুরুল হক রুনু : ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেছেন, গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে গাছের চারা রোপণ করেন। পরে কলেজ শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার 8০০ শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্নও নিতে হবে। দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।”
এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ শেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে তিনি মদন পৌরসভার সম্মেলন কক্ষে মদন ও মোহনগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী এই তিনটি উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর পতাকা উত্তোলন. দোয়া মাহফিল. র্যালি সহ আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।








