নেত্রকোনা হাওরাঞ্চল প্রতিনিধি: নুরুল হক রুনু
নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের এক অফিস সহায়িকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের অফিস সহকারী হাফিজুর রহমান রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
অভিযোগকারী ওই নারী জানান, ২০১০ সালে একই নিয়োগে রুবেলের সঙ্গে তিনি কলেজে যোগ কয়েন । প্রায় তিন বছর আগে তার স্বামী মারা যান। অন্যদিকে রুবেলের স্ত্রী প্রবাসে থাকায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ এবং বাড়ি করার কথা বলে ৮ লাখ টাকা নেয়। পরে বিয়ের জন্য চাপ দিলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে ।
ওই নারীর অভিযোগ, গত ১০ আগস্ট কলেজ ছুটির পর একটি কক্ষে নিয়ে রুবেল তাকে ধর্ষণ করে। বিষয়টি কয়েকজন দেখে ফেললে দুজনের ছবি তুলে রাখেন বলেও দাবি করেন ।
অভিযোগের বিষয়ে রুবেল জানান, ওই নারীর অভিযোগ মিথ্যা। তার মাথায় সমস্যা রয়েছে। বিষয়টি আগেই অধ্যক্ষের সামনে কয়েকজনকে নিয়ে মীমাংসা হয়েছে ।
তদন্ত কমিটির প্রধান অর্থনীতি বিভাগের প্রভাষক আতিকুর রহমান পলাশ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় ১০ দিন আগে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে।
কলেজ অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্তমানে ময়মনসিংহে আাছি রোববার কলেজে এসে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবো।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








