টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মোট ৬,১৬৫ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং এ সংক্রান্ত প্রাসঙ্গিক সমস্ত তথ্যাবলি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ পাওয়া যাবে।উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন








