কমিউনিটি ২৬ জুন ২০২৬

হেলদি স্কুলস এওয়ার্ডে লন্ডনের শীর্ষে টাওয়ার হ্যামলেটস

post

শিশু ও কিশোর-তরুণদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য লন্ডনজুড়ে নেতৃত্বস্থানীয় হিসেবে স্বীকৃতি পেয়েছে টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো।

টাওয়ার হ্যামলেটসে এখন লন্ডনের মধ্যে সর্বাধিক সংখ্যক হেলদি স্কুলস্ সিলভার ও গোল্ড এওয়ার্ডপ্রাপ্ত স্কুল রয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক স্কুলে ব্রোঞ্জ এওয়ার্ড অর্জনের হার রয়েছে। প্রায় ৮৪ শতাংশ স্কুল ইতোমধ্যে এই স্বীকৃতি অর্জন করেছে বা অর্জনের পথে রয়েছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে গত ১১ জুন টাউন হলে ‘হেলদি লাইভস সেলিব্রেশন‘ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ২১টি স্থানীয় স্কুলের প্রায় ১৬০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গত এক বছরে স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলার লক্ষ্যে স্কুলগুলোর নেওয়া নানা উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মোট ৩০টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ছিল ‘হেলদি স্কুলস লন্ডন’ এওয়ার্ড এবং ‘অ্যাজমা ও অ্যালার্জি বান্ধব স্কুল স্ট্যাটাস। কয়েকটি স্কুল একাধিক ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “শিশু ও তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস লন্ডনে নেতৃত্ব দিচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়।

এই পুরস্কারগুলো শিক্ষক, স্কুলের স্টাফ, শিক্ষার্থী এবং পরিবারের  সম্মিলিত প্রচেষ্টার ফল। যারা প্রতিদিন একসাথে কাজ করছে স্বাস্থ্যকর খাবার, শারীরিক কার্যক্রম ও মানসিক সুস্থতা উন্নীত করতে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম এবং মানসিক সুস্থতার ওপর জোর দিয়ে আমরা আমাদের প্রতিটি শিশুর জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি গড়তে সহায়তা করছি।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন, ইয়াং পিপলস এন্ড লাইফ চান্স বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সল আহমেদ বলেন, “টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো স্বাস্থ্য ও সুস্থতায় তাদের প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পাচ্ছে তা অত্যন্ত আনন্দের। আমাদের হেলদি স্কুলস প্রোগ্রাম শুধুমাত্র এওয়ার্ডর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন পরিবেশ তৈরি করে যেখানে শিশুরা বিকাশ লাভ করতে পারে, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারে এবং শারীরিক ও মানসিকভাবে সহায়তা পায়। লন্ডনে সর্বাধিক সংখ্যক স্কুলের এই এওয়ার্ড অর্জন একটি অসাধারণ সাফল্য। এ জন্য আমি আমাদের সকল স্কুল, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে ফ্যান্টাস্টিক ফুড ইন স্কুলস উদ্যোগটিও তুলে ধরা হয়। যা স্কুলগুলোতে স্বাস্থ্যকর খাদ্য পরিবেশ তৈরি করতে সহায়তা এবং পরিবারভিত্তিক ডাইনিংয়ের মতো পদ্ধতির মাধ্যমে ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেয়।

এছাড়াও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফাউন্ডেশন ও লন্ডন ম্যারাথনের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যেখানে তারা শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে ধারণা লাভ করে।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস বারা লন্ডন ম্যারাথন কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছে। কারণ এই অঞ্চলের ৭৫টি স্কুল ‘লন্ডন মিনি ম্যারাথন ইন স্কুলস’ কর্মসূচিতে অংশগ্রহণ করে। যা পুরো লন্ডনের মধ্যে সর্বোচ্চ।

এ ব্যাপারে আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/healthy-lives


 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner