গ্রাম বাংলা ২৪ জুন ২০২৬

একসঙ্গে দুর্ঘটনার কবলে দুটি ট্রেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুণবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথক দুই ঘটনায় আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ঢাকাসহ চট্টগ্রামের সঙ্গে সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।লাকসাম রেলওয়ের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুটি লাইনের যেকোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনারবাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।অন্যদিকে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে রাত আটটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ ও ডাউন-উভয় লাইনেই ট্রেন আটকে যায় এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।রেলওয়ে সূত্র জানায়, সোনারবাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পরই উদ্ধার কাজ শুরু হবে।লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক আরও জানান, চট্টগ্রাম থেকে সোনারবাংলা এক্সপ্রেসের জন্য একটি সচল ইঞ্জিন পাঠানো হয়েছে। পাশাপাশি মেঘনা এক্সপ্রেসের চারটি লাইনচ্যুত বগি ঘটনাস্থলে রেখে বাকি অংশ লাকসামে নিয়ে আসা হচ্ছে। এসব কাজ শেষ হলেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner