টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ এর জন্য সাতটি অনুষদের মোট ২২ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, আইন, প্রকৌশল ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিবছর অনুষদভিত্তিক সর্বোচ্চ একাডেমিক সাফল্যের ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্বীকৃতি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নাহিন সুলতানা লিজা ও হৃদয় বণিক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নিলয় দাস ডিনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাফিসা জান্নাতুল মাওয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সাদিউল আলম চৌধুরী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।জীববিজ্ঞান অনুষদে অণুজীববিজ্ঞান বিভাগের মো. রকিবুল হাসান, ফার্মেসি বিভাগের ফজলে রাব্বী শুভ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সুকন্যা সাহা এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। আইন অনুষদে আইন বিভাগের মো. মুবদি ইসলাম ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন।বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের ইশরাত জাহান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মনিকা ধর ও নাদিয়া জাহান নির্বাচিত হয়েছেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ইশরাত জাহান ইভা, সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের কামরুন নাহার এ স্বীকৃতির জন্য নির্বাচিত হয়েছেন।২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞান অনুষদে এডুকেশন বিভাগের রাহনুমা নূরাইন ও আরাফাত উল্লাহ আরমান এবং এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হাফসা আক্তার ডিনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মারিয়া তাবাসসুম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ডালিয়া রানী শর্মা এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।এ বিষয়ে নোবিপ্রবির উপ-উপাচার্য ও রিসার্চ সেলের পরিচালক ড. শফিকুল ইসলাম বলেন, “এবার সাতটি অনুষদের মোট ২২ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন। এছাড়া গবেষণায় অবদানের জন্য তিনটি ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডও প্রদান করা হবে।”
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ শিক্ষার্থী








