টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী খুব শিগগিরই ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন। শুক্রবার (০৫ জুন) তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেছেন।দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে ঢাকায় এসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার নিয়োগপত্র উপস্থাপন করবেন। এ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত সরকারের মনোনীত এ হাইকমিশনার শিগগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন।ভারত সরকার সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।২০১২ সালে রেল বাজেট উপস্থাপনের সময় যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাব দেয়ায় তিনি দলীয় নেতৃত্বের সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে তাকে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়।রেল মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পরের মাসেই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।দীর্ঘদিন ধরে ভারত প্রতিবেশী দেশগুলোতে পেশাদার কূটনীতিকদেরই রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে আসছে। তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো প্রতিবেশী দেশে রাজনৈতিক নিয়োগের মাধ্যমে একজন প্রতিনিধিকে পাঠাচ্ছে ভারত সরকার।
ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী








