গ্রাম বাংলা ২৬ মে ২০২৬

শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর প্রস্তুতি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কিশোরগঞ্জঃ কোরবানির ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পবিত্র আহ্বানকে সামনে রেখে প্রস্তুত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের ঐতিহ্য বুকে ধারণ করা এই প্রাঙ্গণে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার ১৯৯তম জামাত।প্রতিবছরের মতো এবারও লাখো মুসল্লির মিলনমেলায় পরিণত হবে শোলাকিয়া; এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শোলাকিয়া মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, “শোলাকিয়ার ঈদ জামাত শুধু একটি নামাজ নয়, এটি দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। ঈদুল ফিতরের মতো এবারও মুসল্লিরা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে নামাজ আদায় শেষে বাড়ি ফিরতে পারবেন। জেলা প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। আশা করছি, কোনো ধরনের ভোগান্তি হবে না।এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম-এর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার ১৯৯তম জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো এবারও সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ।তিনি জানান, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে বিশেষ ট্রেনটি কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। অন্যদিকে ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় উভয় ট্রেন কিশোরগঞ্জ স্টেশন থেকে ফিরতি যাত্রা শুরু করবে।

 জেলা প্রশাসক আরও বলেন, মুসল্লিদের অজুর জন্য মাঠসংলগ্ন পুকুরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবায় মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। থাকবে সুপেয় পানির সুবিধাও। এছাড়া সকাল ৮টায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নারীদের জন্য পৃথক ঈদ জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে।এদিকে দেশের বৃহত্তম ঈদ জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শোলাকিয়া ময়দান ও আশপাশের এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মাঠে পুলিশ, র‌্যাব, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। পুরো ময়দান থাকবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির আওতায়।তিনি আরও বলেন, “দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াতে যাতে কোনো দুর্ভোগ না হয়, সেজন্য শহরে বিশেষ ট্রাফিক ও পার্কিং পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের শুধু জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানানো হচ্ছে। ছাতা, ব্যাগ, লাঠি কিংবা কোনো ধাতব বস্তু সঙ্গে না আনতে অনুরোধ করা হয়েছে। তল্লাশি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সবাইকে নামাজের আগেই মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।শতবর্ষের ঐতিহ্য আর ঈদের পবিত্র আবেগে ভাসতে থাকা শোলাকিয়া এবারও প্রস্তুত লাখো মুসল্লির একসাথে তাকবির ধ্বনিতে মুখরিত হবে পুরো প্রান্তর, ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ব, ত্যাগ ও শান্তির অনুপম বার্তা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner