খেলাধুলা ২০ মে ২০২৬

টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস: লিটন দাস ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং এবং তাইজুল ইসলামের দারুণ বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয়বারের মত টেস্ট ফরম্যাটে পাকিস্তানকে হোয়াইওয়াশ করল স্বাগতিক বাংলাদেশ।দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হরায় টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। ২০২৪ সালে সর্বশেষ পাকিস্তান সফরেও দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল শান্ত-মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টে জয়ের অনন্য রেকর্ড গড়লো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান তুলেছিল পাকিস্তান। পঞ্চম ও শেষ দিনে টেস্ট জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান। মোহাম্মদ রিজওয়ান ৭৫ ও সাজিদ খান ৮ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনের শুরুতে বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় খেলা। দিনের শুরু থেকে রানের চাকা সচল রাখেন রিজওয়ান ও সাজিদ। হাফ-সেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন তারা। অবশেষে দিনের দশম ওভারে সাজিদকে ২৮ রানে থামিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। সাজিদকে শিকার করে টেস্ট ক্যারিয়ারে ১৮তম ও পাকিস্তানের বিপক্ষে তৃতীয়বারের মত ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নেন তাইজুল।দলীয় ৩৫৮ রানে সাজিদ ফেরার চার বল পর সাজঘরের পথ ধরেন রিজওয়ান। পেসার শরিফুল ইসলামের বলে গালিতে মেহেদি হাসান মিরাজের দারুন ক্যাচে বিদায় নেন রিজওয়ান। ১০টি চারে ১৬৬ বলে ৯৪ রান করেন তিনি।রিজওয়ান ফেরার পর সাত বলের বেশি টিকতে পারেনি পাকিস্তান। রানের খাতা খোলার আগে তাইজুলের শিকার হন খুররাম শাহজাদ। ফলে ৩৫৮ রানেই গুটিয়ে হার বরণ করে নেয় সফরকারীরা।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।৩৪.২ ওভার বোলিং করে ১২০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাইজুল। এছাড়া নাহিদ রানা ২টি, শরিফুল ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করায় ম্যাচ সেরা হন লিটন দাস। চার ইনিংসে ২৫৩ রান করে সিরিজ সেরা হন মুশফিকুর রহিম।


সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২৭৮ ও ৩৯০ (মুশফিক ১৩৭, লিটন ৬৯, শাহজাদ ৪/৮৬)।
পাকিস্তান : ২৩২ ও ৩৫৮ (রিজওয়ান ৯৪, সালমান ৭১, তাইজুল ৬/১২০)।
ফল : বাংলাদেশ ৭৮ রানে জয়ী।

ম্যাচ সেরা : লিটন দাস (বাংলাদেশ)।

সিরিজ সেরা : মুশফিকুর রহিম (বাংলাদেশ)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner