কমিউনিটি ২২ এপ্রিল ২০২৬

লন্ডন : বৈশাখী আড্ডায় মিলিত হলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা

সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা ও নৃত্যে ভরপুর তিন ঘণ্টার স্মরণীয় সন্ধ্যা

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : বৈশাখ মানেই আনন্দ, উচ্ছ্বাস আর নতুন সূচনার বার্তা। বৈশাখ এলেই মনে পড়ে বাংলার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের কথা। সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে ব্রিটেনে বসবাসরত বাংলা গণমাধ্যমকর্মীরাও মেতে ওঠেন এক অনাবিল উৎসব-উচ্ছ্বাসে। যেন বয়সের ভেদাভেদ ভুলে সবাই হয়ে ওঠেন প্রাণবন্ত, উচ্ছল।

গত ১৫ এপ্রিল, বুধবার, পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত বৈশাখী আড্ডা।এ সময় ব্রিটেনে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়ে উদযাপন করেন বাংলা নববর্ষ। হাসি-আনন্দ, গল্প-আড্ডা আর ঐতিহ্যের রঙে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন, যা প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতিকে নতুন করে অনুভব করার এক অনন্য সুযোগ তৈরি করে দেয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশার নেতৃত্বে এই বৈশাখী আড্ডার আয়োজন করে লন্ডন বাংলা প্রেসক্লাবের গত নির্বাচনে অংশ নেওয়া সাঈম-সালেহ পরিষদ।সাবলীল ও প্রাণবন্ত ভাষায় অনুষ্ঠানটি  পরিচালনা করেন সাঈম চৌধুরীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ নাহাস পাশা।এ সময় তিনি আগামী নির্বাচনে সভাপতি পদে প্রেস ক্লাব নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা  করার ইঙ্গিত দেন। 

 তিন ঘণ্টার আড্ডায় গান, কবিতা, নৃত্য, গল্পকথা ও খুনসুটি মিলেমিশে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে  বাউল গান, দেশাত্মবোধক গান, প্রেমের গান,  প্যারোডি গান , কবিতা আবৃত্তি ও নাতিদীর্ঘ যাত্রাপালার মাধ্যমে দর্শকরা আনন্দে মেতে ওঠেন।

আড্ডার মধ্যে অংশগ্রহণকারীরা  ধামাকা  নৃত্যে অংশ নেন। পাশাপাশি ইলিশ, খিচুড়ি ও ভর্তাসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশেষ পরিবেশনা ছিল  ‘গরম দেশের গরম রাজা’, বাউল শহীদের গান এবং ডা. জাকি রেজওয়ানা আনোয়ারের কবিতা আবৃত্তি। এছাড়াও গান পরিবেশন করেন , আহমেদ ময়েজ,মাসুদ হাসান খান, রূপি আমিন ও প্রেস ক্লাব সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর প্যারোডি গান সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।তবলায় সঙ্গ দেন সুবাস দাস।

আড্ডার শেষ দিকে অতিথিরা মিলিতভাবে ধামাকা  নৃত্যে অংশ নেন এবং আনন্দে সন্ধ্যা শেষ হয়।


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner