কমিউনিটি ১৫ এপ্রিল ২০২৬

লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল, সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মুহিত চৌধুরী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম।

সভায় বক্তারা জানান, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ হোটেল রয়েল ন্যাশনাল হোটেলসহ ইম্পেরিয়াল গ্রুপের বিভিন্ন হোটেলে  শতাধিক বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একসাথে কর্মরত ছিলেন। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে হঠাৎ করেই অনেকের চাকরি হারাতে হয়। চাকরি হারালেও বাংলাদেশিদের মধ্যে যে বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছিল, তা আজও অটুট রয়েছে। এই বন্ধনকে আরও সুসংহত করতে ২০২০ সালে লন্ডন ইম্পেরিয়াল গ্রুপ প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐক্য ও ভালোবাসা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ আলম চৌধুরী, রফিকুল ইসলাম, সায়েম আহমেদ, আকবর হোসেন, শফিকুর রহমান, জুনায়েদ আহমেদ, হাফিজুর রহমান, শাহিদ, জাকির হোসেন, আব্দুর রহমান বৈরাগী, দুলাল আহমেদ, খায়রুজ্জামান, মোঃ ইমরান, আখতার হোসেন লোবান, মোঃ উমর খান, জামাল আহমেদ, শাহীন আহমেদ, শেখ মহিতুর রহমান বাবলু, মোঃ মেরাজুল ইসলাম, শহীদ সহ অনেকে।

সভায় আগামী সামার ট্যুর উপলক্ষে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের নামের সাথে “বাংলাদেশ” যুক্ত করার দাবি উত্থাপন করা হয়। লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপকে আরও সক্রিয় রাখার জন্য সকল সদস্যকে আহ্বান জানানো হয়। পাশাপাশি যারা এখনো সংগঠনের কার্যক্রমে সক্রিয় নন, তাদের সম্পৃক্ত করতে প্রত্যেক সদস্যকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ নৈশভোজের আয়োজন। নৈশভোজ শেষে সদস্যরা চা পান করতে করতে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner