বিপ্লব জলদাস : চট্টগ্রামের বোয়ালখালীতে সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ও লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় স্মৃতিসৌধে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদার, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বকুল বড়ুয়া, আশুতোষ দাশ, মোঃ এসকান্দর, মোঃ ইউসুফ, সাগর দেবনাথ, ডাঃ শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, প্রিয়াংকা দাশ, অর্পিতা ঘোষ প্রমুখ।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ বলেন- আমরা অনেকেই স্বাধীনতার ইতিহাস জানলেও অধিকাংশই তা হৃদয়ঙ্গম করতে পারি না। এই হৃদয়ঙ্গম জরুরি। কারণ মহান মুক্তিযুদ্ধ অপরিসীম ত্যাগ ও বেদনাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।








