বাংলাদেশ ১৯ মার্চ ২০২৬

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ লাইন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন মানুষ। গত কয়েকদিনের মতো আজ বৃহস্পতিবারও (১৯ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি বাস সব আসনে যাত্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে টার্মিনাল ছেড়ে যাচ্ছে।এদিন সরেজমিনে মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়। অনেকেই আগেভাগে অনলাইনে বা সরাসরি টিকিট সংগ্রহ করলেও শেষ মুহূর্তে বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য অনেককে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।টার্মিনাল ও এর আশাপাশে গাড়ির অপেক্ষায় থাকতেও দেখা গেছে অনেক যাত্রীকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনাল এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।কথা হলে ঈশ্বরগঞ্জ পরিবহনের কাউন্টার মাস্টার জুয়েল জানিয়েছেন, গতকাল বুধবারের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা কম। তবে ভোরের আলো ফোটার পর থেকে সকাল পর্যন্ত যাত্রীর চাপ বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমেছে।তিনি বলেন, কাউন্টারে গাড়ি এলে আমরা দ্রুত যাত্রীদের টিকিট দিচ্ছি। আসন ফুল হয়ে গেলে গাড়ি ছেড়ে যাচ্ছে। একটি গাড়ি ছেড়ে যাওয়ার পর পরের সিরিয়ালের গাড়ির টিকিট দেওয়া হচ্ছে।

শ্যামলী বাংলা পরিবহনের সুপারভাইজার মেহেদী হাসান বলেন, গতকাল এবং আজ যাত্রীর চাপ অনেক। সকাল থেকে অনেক গাড়ি টার্মিনাল ছেড়ে গেছে। আমাদের টার্মিনালে আর দু-তিনটি গাড়ি আছে। যাত্রী হয়ে গেলে এগুলোও ছেড়ে যাবে। অগ্রিম টিকিটের যাত্রীরা কোনোরকম অপেক্ষা ছাড়াই ভ্রমণ করতে পারছেন।সৌখিন এক্সপ্রেসের হেলপার আজাদ বলেন, গত দু-তিন দিনের মতো আজও যাত্রীর চাপ অনেক। সব আসন পূর্ণ করে বাসগুলো ছেড়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় অনেক জ্যাম।তিনি বলেন, কিছু কিছু গাড়িতে এখনো ছিট খালি আছে। আবার যানজটের কারণে অনেক গাড়ি সময়মতো যেতে ও ফিরে আসতে পারছে না। তাই গাড়িরও কিছুটা সংকট আছে।ময়মনসিংহের যাত্রী নিলয় বলেন, আমি আর আমার দুলাভাই বাড়িতে যাওয়ার জন্য টার্মিনালে এসেছি। এখনো টিকিট পাইনি। দুলাভাই টিকিটের লাইনে দাঁড়িয়ে আছেন। কখন টিকিট পাবো বলতে পারছি না।একই রুটের আরেক যাত্রী সোহাগ বলেন, ময়মনসিংহ যাবো, ভোর ৫টার সময় এসেছি। এখন পর্যন্ত টিকিট পাইনি। অপেক্ষা করছি। দেখি কতক্ষণ লাগে।টিকিট সংগ্রহের লাইনে দাঁড়িয়ে জুনায়েদ নামের একজন যাত্রী বলেন, এখনো টিকিট পাইনি। লাইনে দাঁড়িয়ে আছি। কখন টিকিট হাতে পাই বলতে পারছি না।টাঙ্গাইলের যাত্রী সৃজন বলেন, ভোরে টার্মিনালে এসেছি। কয়েকঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি। গাড়ি টার্মিনালে এসেছে, এখন উঠে যাবো।বুধবার রাতের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশে ঈদ উদযাপন হতে পারে শনিবার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner