টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস : অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকরাম সম্রাট।গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। এই কার্যক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ সার্বিক সহায়তা প্রদান করবে।
বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন








