টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন লোকাল প্ল্যান স্বাধীন পরীক্ষার জন্য জমা দেওয়া হয়েছে। গত মাসের মাঝামাঝি সেক্রেটারি অফ স্টেট‑এর কাছে আনুষ্ঠানিকভাবে খসড়া প্ল্যানটি জমা দেওয়া হয়।
লন্ডনের দ্রুত-বর্ধনশীল বারা হিসেবে টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ উন্নয়ন কাঠামো নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
২০২৩ থেকে ২০৩৮ সাল পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা এই লোকাল প্ল্যান বারার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগত পরিকল্পনা নথি, যা টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন ও প্রবৃদ্ধি কীভাবে পরিচালিত হবে তার দীর্ঘমেয়াদি রুপ নির্ধারণ করে। পরিকল্পনাটি গ্রহন করা হলে, বারার অবকাঠামো, বাসস্থান, পরিবেশ সংরক্ষণ এবং পরিবহনব্যবস্থার অগ্রাধিকারসমূহ নিশ্চিত করবে। যার মধ্যে অতিরিক্ত ভিড় কমানো, বৈষম্য মোকাবিলা করা, এবং টেকসই ও সম্প্রতির নেইবারহুড গড়ে উঠবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “স্বাধীন পরীক্ষার জন্য এই লোকাল প্ল্যান জমা দেওয়া আমাদের বারার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের প্রবৃদ্ধি হবে, সবার জন্য সুফল বয়ে আনবে।
“ আমাদের লক্ষ্য টেকসই ও সম্পৃতির নেইবারহুড প্রতিষ্ঠা। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষন করে সবার জন্য বসবাস ও কাজের অসাধারণ স্থান হিসেবে টাওয়ার হ্যামলেটসকে গড়ে তোলা।”
নতুন লোকাল প্ল্যানে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিতি নীতিমালা নির্ধারন করা হয়েছে:
· প্রকৃত অর্থে সাশ্রয়ী ঘরবাড়ি নির্মান- সাশ্রয়ী ঘরবাড়ি ৪০ শতাংশে উন্নিত করা।
· চাকরি, দক্ষতা এবং সমৃদ্ধ টাউন সেন্টার
· পরিবেশ, জলবায়ু এবং জীববৈচিত্র্য সংরক্ষন
· ডিজাইনের মান, ঐতিহ্য এবং উন্নত যোগাযোগব্যবস্থা
· কমিউনিটি সুবিধা, খোলামেলা জায়গা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা
বারার ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্কুল, স্বাস্থ্যসেবা, পরিবহন সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে কৌশলগত উন্নয়ন সাইটগুলোর গুরুত্বপূর্ন উন্নয়ন সাধন করার পরিকল্পনা রয়েছে।
টাওয়ার হ্যামলেটসকে ইউকের দ্রুত-বর্ধনশীল জনসংখ্যার একটি হিসেবে গণ্য করা হয়। যেখানে আগামী ২০৩২ সালের মধ্যে জনসংখ্যা প্রায় ২০.৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
এই লোকাল প্ল্যান তৈরির কাজ শুরু হয় ২০২২ সালে। এর পরবর্তী তিন বছরে চার দফায় পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক আলোচনা এবং ২০২৩ সালের শেষ দিকে সম্পূর্ণ রেগুলেশন ১৮ পরামর্শ গ্রহণ। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রেগুলেশন ১৯ পরামর্শ অনুষ্ঠিত হয়, এ জন্য বারার বিভিন্ন আইডিয়া স্টোরে পাবলিক ইভেন্টস আয়োজন করা হয়। ২০২৫ সালে নীতিগুলো চূড়ান্ত করার আগে আরও লক্ষ্যভিত্তিক কনসালটেশন বা পরামর্শ অনুষ্ঠিত হয়।
কর্পোরেট ডিরেক্টর অফ হাউজিং অ্যান্ড রিজেনারেশন, ডেভিড জয়েস বলেন, “এটি বহু বছরের বিশদ কাজ এবং বারার বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনের সাথে ব্যাপক অংশগ্রহণের প্রতিফলন। প্ল্যানটি প্রকৃত অর্থে সাশ্রয়ী আবাসন, উচ্চমানের চাকরি, সমৃদ্ধ হাই স্ট্রিট এবং আমাদের কমিউনিটির বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহের একটি স্পষ্ট এবং উচ্চাকাঙ্ক্ষী কাঠামো নির্ধারণ করে “।
খসড়া প্ল্যান জমা দেওয়ার মাধ্যমে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং (লোকাল প্ল্যানিং) (ইংল্যান্ড) রেগুলেশনস ২০১২‑এর রেগুলেশন ২২ অনুসারে আনুষ্ঠানিক পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। প্ল্যানটি ন্যাশনাল প্ল্যানিং পলিসি ফ্রেমওয়ার্ক অনুযায়ী আইনগতভাবে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই করতে একজন স্বাধীন পরিকল্পনা পরিদর্শক নিয়োগ করা হবে এবং প্ল্যানটি গ্রহণের আগে তিনি প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করতে পারেন।
আগামী সামারে (গ্রীষ্মকালে) পাবলিক কনসালটশেন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে সুপারিশ করা সংশোধনগুলোর ওপর পরামর্শ গ্রহণ হবে। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে, প্ল্যানটি ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুর দিকে সম্পূর্ণভাবে গ্রহণ করা হবে কি-না।
প্ল্যানটি গ্রহণ করা হলে, টাওয়ার হ্যামলেটস নিউ লোকাল প্ল্যান ২০২৩–২০৩৮ বারার বর্তমান লোকাল প্ল্যান (২০২০ সালে গৃহীত) প্ল্যানটিকে প্রতিস্থাপন করবে।








